অমিতাভ বচ্চনের সঞ্চালনায় কৌন বনেগা ক্রোড়পতির ১৩তম সংস্করণ জমে উঠেছে। এবার অমিতাভের অতিথি হচ্ছেন টোকিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টিকারী নীরজ চোপড়া ও ভারতীয় পুরুষ হকি দলের গোল রক্ষক পি আর শ্রীজেশ।
![]()
টোকিও অলিম্পিক থেকে অ্যাথলেটিক্সে দেশের প্রথম পদক এনে দিয়েছেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন হরিয়ানার থেকে উঠে আসা নীরজ। অন্যদিকে দীর্ঘ পদক খরা ঘুচিয়ে টোকিওতে পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত। ভারতীয় দলের শেষপ্রহরীর ভূমিকায় দুরন্ত পারফর্ম করেছেন শ্রীজেশ। দুজনকেই দেখা যাবে কেবিসির শুক্রবারের পর্বে।
অমিতাভের জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির শানদার শুক্রবারে অতিথি হিসাবে আসেন তারকারা। কদিন আগেই অমিতাভের শোয়ে দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেওয়াগ যুগলবন্দি। তাদের জেতা অর্থ চলে যায় সেই তারকাদের পছন্দের কোন স্বেচ্ছাসেবী সংস্থায়।

নীরজদের পর্বের শ্যুটিংয়ের সঙ্গে জড়িয়ে থাকা সূত্রের মাধ্যমে জানা গিয়েছে হটসিটে বসে আত্মবিশ্বাসের সঙ্গেই অমিতাভের প্রশ্নবাণ সামলেছেন নীরজ, শ্রীজেশ। ভাগ করে নিয়েছেন তাদের অলিম্পিক সাফল্যের সঙ্গে জড়িয়ে থাকা ছোট ছোট ঘটনাও। শোয়ের মধ্যে অমিতাভের সঙ্গে হকি খেলতেও দেখা গিয়েছে দুই তারকাকে। নীরজদের এই পর্বটি আগামী ১৭ই সেপ্টেম্বর সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশানে সম্প্রচারিত হবে।
ইত্তেফাক/এফএস
