ইরশাদ জামিল
কী হয়েছে, ছুটছ কেন! কোথায় কারা কাঁদে?
চিত্ হয়ে বাস উলটে গেছে বাস পড়েছে খাদে।
সবার সাথে দৌড়ে এসে আমিও লাগাই হাত,
যাত্রী ছিল বাসের নিচে বাসটি ছিল কাত!
চেঁচিয়ে ডাকি—এদিক এসো। শুনতে পাও না কানে?
পা গিয়েছে চাকায় ফেঁসে এই যে এইখানে।
রিকশা ডাকো, গাড়ি থামাও, ভ্যানে ওঠাও লোক,
তাকিয়ে দেখো ঐ লোকটার রক্তে ভেজা চোখ।
ও মাই গড! এই যে দেখো এই লোকটা নেই!
বীভত্স এক মৃত্যু দেখে হারিয়ে ফেলি খেই।
হঠাত্ দেখি, একটি ছেলে কী যেন কী খুঁজে
কী তত্পর কাটছে পকেট এমন সুযোগ বুঝে।
যাত্রী সকল জান যায়যায়—করছে মরিমরি,
একহাতে সে মোবাইলটা নেয়, অন্যহাতে ঘড়ি।
কাছে গিয়ে কানটা ধরে কষিয়ে দিলাম চড়,
পেঁচিয়ে ধরে চেঁচিয়ে উঠি, ধর বেটারে ধর...
ঝাড়ি মেরে বলে ব্যাটা—ওদের গিয়ে ধরেন,
দেশের পকেট কাটছে যারা তাদের কিছু করেন।
এগুলো তো হারিয়ে যাবে, গুছিয়ে রাখছি তাই,
সুস্থ হলে ফিরিয়ে দেব এক্কেরে পাই-পাই।
বেশ বলেছ! গুড ভেরি গুড, মুখটি বাজান দেখি,
চোরের মায়ের বড়গলা, বলল বেটা এ কী...!!!
