১০ কেজি চালের জন্য আমতলীতে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯

আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে মাত্র ১০ কেজি চালের জন্য ভাতিজার ছুরিকাঘাতে চাচা নুরুল ইসলাম (৪৫) খুন হয়েছেন। হামলাকারী সাগর এখনো পলাতক। এ ঘটনায় পুলিশ আলানুর মুন্সি (৪০), আলেয়া বেগম (৬০) ও খালেদা বেগম (৩০) নামের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জানা গেছে, সেকান্দারখালী গ্রামের আলেয়া বেগম নিহত নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগমের কাছ থেকে গত বছর ১০ কেজি চাল ধার নেয়। এক বছরেও পাওনা চাল পরিশোধ করেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আলেয়া বেগমের কাছে চাল চাইতে গেলে তর্কবিতর্কের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে আলেয়ার নাতি সাগর মুন্সি ও জামাতা খলিল সিকদার দেশীয় অস্ত্র ও ছুরি নিয়ে নুরুল ইসলামকে আক্রমণ করে। সে দৌরে ঘরে ঢুকলে সাগর মুন্সি ঘরের দরজা ভেঙে চাচা নুরুল ইসলাম মুন্সিকে ছুরিকাঘাত করে। তাত্ক্ষণিকভাবে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্ক তাকে মৃত বলে জানান।