গল্প উপস্থাপনের পরিবর্তন হচ্ছে:তানজিন তিশা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৫

বিনোদন রিপোর্ট

 

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সারাবছর ছোটপর্দায় ব্যস্ততা চলে তার। তবে বিশেষ দিবসগুলোতে সেই ব্যস্ততার মাত্রা অনেকটাই বেড়ে যায়। আসছে ভালোবাসা দিবসের নাটক নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

ভালোবাসা দিবসে বিভিন্ন চ্যানেলে একাধিক নাটক প্রচার হবে তার। এরমধ্যে রয়েছে ‘অচেনা আলো’ শিরোনামে একটি নাটক। নাটকটির রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন অনন্য ইমন। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জোভান।

ভালোবাসা দিবসে রাত ৯টা ০৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি। জোভানের সাথে অভিনীত আরো একটি নাটক প্রচার হবে এবার ভালোবাসা দিবসে। নাটকটির শিরোনাম ‘দ্য ব্রেকআপ লিস্ট’।

ভালোবাসা দিবসের নাটকের গল্প নিয়ে একঘেঁয়েমির অভিযোগ শোনা যায় প্রায়ই। তিশা এ প্রসঙ্গে বলেন, ‘ভালো-খারাপ কাজ থাকবেই। ভালো কাজটিই সবসময় দর্শকদের মনে গেঁথে থাকে। আমি বলবো অনেক ভালো কাজ হচ্ছে এখন। গল্প উপস্থাপনের পরিবর্তন হচ্ছে। আসলে ভালো কাজ দিয়েই টিকে থাকতে হয়।’