লখিন্দর আজও জানে না বেহুলার মন—
লোহার বাসরঘরে বন্দি দেখার পৃথিবী তার;
কালসাপ কেটে গেছে সময়।
লখিন্দর ভুলে গেছে স্মৃতি—বেহুলার মন।
জানি জন্মান্ধ পুরুষের স্বভাব দিয়েছে তাকে কঠিন হূদয়,
অবিশ্বাসের আগুন।
জন্মে জন্মে তার কাহিনি আজও আমাদের ঘরে
গল্প হয়ে ওঠে মরণখেলায়।
বিষাক্ত ছোবল হানে কালনাগ তার রোষে
লখিন্দর বোঝে না বেহুলার মন পুরুষালি দোষে!
