হিমেল বুকে শুয়ে আছে একমুঠো সাপ
চালতাফুল মাথায় করে বিজলির কী চমত্কার দ্যুতি
মাঝরাতে মগজ বেয়ে স্মৃতির নিউরনে খুঁজে ফেরে
চন্দ্রের উজ্জ্বল মায়াবী বরফ
আকাশের শামিয়ানায় রোজ দেখি
দুধমাখা দাঁতের মতো তারারা ঢুলুঢুলু চোখে ঢেলেছে শরাব
একটি সাপ লাফিয়ে পড়ে
হেঁটে-দৌড়ে-উড়ে যায় তোমার বুকের হিমাগ্নিতে
তাদের আদি নিবাসে
যতগুলো বছর ঘুমের ছিল...
ঘুমের রঙ কালো স্বপ্নের রঙ রক্তাক্ত
ইতিহাসের বনেদি নারীগুলো তুমি ছিলে না কি!
যাদের অঙ্গসৌষ্ঠবে পাড়ায় চাঁদ উঠত না
ভয়ে পালাত জংলার সর্পকুল
এখন সেসব সাপের বাসা তোমার দু চোখ।
