ক্লাস ফোরের সিলেবাসের মতো নরম আকাশ,
মেঘ দেখেই ভিজে যাচ্ছি,
যেন বৃষ্টির কোমর জুড়ে নীল নীল প্রজাপতি,
হুডতোলা রিকশা, ভেজা রেলগাড়ি,
বিরাট পুষ্পোদ্যান, হাসনাহেনা
বেলি ফুলের সুগন্ধে ভরা মেঠোপথ
স্পর্শ আঙুল—
কেউ ছিল অথবা ছিল না
ভাবতেই ভালো লাগছে।
বৃষ্টির কোলবালিশে ফেলে রেখে
কথার যতি
যেভাবে তুমি যেতে চাও
একা, অন্যত্র কোথাও,
ভাবতেই ভালো লাগছে।
