দুই ছবি নিয়ে ওমর ও ক্যামেলিয়া

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬

 

দুটি ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন নবাগত চিত্রনায়ক ওমর মালিক ও ক্যামেলিয়া রাঙা। সাম্প্রদায়িক চেতনা ও অসম প্রেমের গল্পে নির্মিত হচ্ছে নতুন ছবি ‘শেকল’। দেবজ্যোতি ভক্তের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন জুয়েল রানা। পরিচালনা করছেন দৃষ্টি তন্ময়। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ওমর মালিক। আর এ ছবিতে তার নায়িকা হিসেবে রয়েছেন ক্যামেলিয়া রাঙা। অন্যদিকে সম্প্রতি তার অভিনীত ‘মানব’ নামে নতুন আরেকটি ছবির টিজার প্রকাশ হয়েছে। এ ছবিতেও মূল চরিত্রে ওমর মালিক, ক্যামেলিয়া ও শিমুল খান অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন জুয়েল রানা। ছবি দুটি নিয়ে চিত্রনায়ক ওমর মালিক বলেন, ‘দুটি ছবি পরপর মুক্তি পাবে আমার ও ক্যামেলিয়ার। ভেবে বেশ ভালো লাগছে। ছবি দুটিতে ভিন্ন দুটি লুকে আমাকে দর্শক দেখতে পাবেন। আর দুটি ছবিতেই আমার বিপরীতে ক্যামেলিয়া রাঙা কাজ করেছেন। ছবি দুটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এছাড়া সামনে নতুন আরো দুটি ছবিতে কাজ করতে যাচ্ছি। খুব শিগগিরই ছবি দুটির মহরত অনুষ্ঠিত হবে।’ ক্যামেলিয়া রাঙা বলেন, ‘দুটি ছবির গল্প দুই ধরনের। ব্যতিক্রম দুটি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। আর ওমর মালিক নতুন হলেও বেশ ভালো কাজ করেছেন।’