শান্তর চার রানের আক্ষেপ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৩০

চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দল ও এইচপির চার দিনের ম্যাচে সেঞ্চুরির মিসের আক্ষেপ সঙ্গী হয়েছে নাজমুল হোসেন শান্তর। গতকাল চার রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ‘এ’ দলের এ টপঅর্ডার ব্যাটসম্যান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল ম্যাচের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ‘এ’ দলের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান। ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত আছেন।

টস জিতে এইচপির অধিনায়ক আকবর আলী ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠান। ২৪ রানে সাইফ হাসানের (১৫) বিদায়ের পর সাদমান ও শান্ত ১২৩ রানের জুটি গড়েন। সাদমান ৫৮ রান করে আউট হন। অধিনায়ক মিঠুন ৯ রান করে রানআউট হন। সেঞ্চুরির কাছে গিয়ে মাহমুদুল হাসান জয়ের অফস্পিনের শিকার হন শান্ত। ২০৩ বল খেলে ৮টি চার ও ৩টি ছয়ে ৯৬ রান করেন তিনি। ইয়াসির আলীও ২১ রানে ফিরেছেন। পরে ৩৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন ইরফান-মুনিম। এইচপির পক্ষে সুমন খান, হাসান মুরাদ, রেজাউর রহমান ও মাহমুদুল হাসান জয় ১টি করে উইকেট পান।