খালেদ হোসাইন
করোনাতে মানুষ মরে
মরে বজ্রপাতেও
সকালবেলা মানুষ মরে
মরে গভীর রাতেও।
নৌকা ডুবে মানুষ মরে
মরে মশার কামড়ে
গাড়ি এসে ধাক্কা দিলে
উপায় আছে না মরে?
না খেয়েও মানুষ মরে
মরে অতি আহারে
সমুদ্দুরে মানুষ মরে
এবং উঁচু পাহাড়ে।
বয়স যত বাড়তে থাকে
ততোই পড়ে ব্যারামে
হোক শহরে মফস্সলে
অথবা তা গেরামে।
গ্রীষ্ম শীতে মানুষ মরে
মানুষ মরে শরতে
এ ব্যাপারে পার্থক্য
নেই ছোট বা বড়োতে।
এই দেশেও মানুষ মরে
মানুষ মরে বিদেশে
মরত আগেও, মরবে পরেও
হিসেব খুবই সিধে সে।
মরাটা খুব সহজ কিন্তু
বাঁচাটা তো তা নহে
জীবন যেন জীবন্ত হয়
এই কথাটা জানো হে!
