সিটি করপোরেশনের কাজটা কী?

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩

ঢাকায় প্রথম যখন বেসরকারিভাবে বাসা-বাড়িতে গিয়ে আবর্জনা সংগ্রহ শুরু হলো—অনেকের সঙ্গে আমার পরিবারও বেশ উত্ফুল্ল হয়েছিল। নতুন এই পদ্ধতিকে স্বাগত জানিয়ে মাসিক ২০ কি ৩০ টাকা হারে বিশেষ ভ্যানে আবর্জনা দিতে লাগলাম। কালক্রমে ওই আবর্জনা নিয়ে যে ময়লা নীতি অনুসরণ শুরু হলো তা দেখে যারপরনাই দুঃখ পেলাম। মাসিক টাকার হার বৃদ্ধি পেয়ে এখন ৭০ টাকা হয়েছে। শুনেছি এটি খুব শিগগিরই ১০০ টাকা করা হবে। আর্থিক সমস্যা ও কিছুটা প্রতিবাদস্বরূপ কয়েকদিন আগে ভ্যানে ময়লা দেওয়া বন্ধ করে নিজেই বাসার অদূরে রাখা সিটি করপোরেশনের বড় ডাস্টবিনে ফেলা শুরু করি। যারা বাসা থেকে আবর্জনা নিয়ে যেত, তাদের একজন আমাকে দেখে কাছে এসে বলল, এখানে ময়লা ফেলতে পারবেন না। অন্য জায়গায় ফেলেন। ওই ছেলের কাছে কথাটি শোনার পর মনে হলো, সবকিছুই কি মগের মুল্লুক হয়ে গেছে? মাথাপিছু প্রত্যেকে পরিবারের কাছ থেকে ৭০ টাকা হারে টাকা ওঠানো হলে আট-দশ গলিতে তা কয়েক লাখ টাকা দাঁড়ায়। পুরো রাজধানী জুড়ে শুধু আবর্জনা ফেলার নামে মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এলাকার ক্লাব সংশ্লিষ্টরা। তাহলে সিটি করপোরেশনের কাজটা কী? তাদের কি এ বিষয়ে কিছুই করার নেই!

শিহাব সরকার, খিলগাঁও, ঢাকা