নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনোই নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে জয় পায়নি বাংলাদেশ। ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেদের মাটিতে বাংলাদেশের সামনে অজেয় ব্ল্যাক ক্যাপসরা। দুই বছর আগেও তিন ফরম্যাটের সব ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
তবে এবার দৃশ্যপটে কিছুটা পরিবর্তন আনার আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। প্রস্তুতির স্বল্পতা থাকলেও ওয়ানডে সিরিজে জয়ে চোখ টাইগারদের। কিন্তু বাংলাদেশের জয়ের মিশনে বড় ধাক্কা পড়লো, বিপিএলের ফাইনালে সাকিব আল হাসানের চোট। আঙুলের চোটের কারণে ওয়ানডে সিরিজটা খেলতে পারবেন না এই বাঁহাতি অলরাউন্ডার। যদিও তিন ম্যাচের টেস্ট সিরিজেও অনিশ্চিত সাকিবের অংশগ্রহণ।
গত শনিবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশত্যাগের আগে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, সাকিবকে হারিয়ে নিউজিল্যান্ড সফরের চ্যালেঞ্জ আরও বাড়লো। অবশ্য এই সফরে জয়ের আশা হারাচ্ছেন না মাশরাফি। তিনি বলেছেন, কঠিন হলেও জয় সম্ভব। সেজন্য সতীর্থদের মানসিকভাবে শক্ত হতে বলে উল্লেখ করেছেন তিনি।
মাশরাফির সঙ্গে তামিম ইকবাল, রুবেল হোসেন, সাইফউদ্দিন গিয়েছেন নিউজিল্যান্ডে। একই ফ্লাইটে যাওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু বিপিএলে ফাইনালে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের অনামিকায় ব্যথা পেয়েছেন তিনি। স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়ায় যেতে পারছেন না ওয়ানডে দলের সহঅধিনায়ক। তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।
সাকিবকে হারানো প্রসঙ্গে শনিবার রাতে বিমানবন্দরে মাশরাফি বলেছেন, ‘এটাতো আর বলার অপেক্ষা রাখে না সাকিব কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকবার সাকিব ছাড়া খেলতে গিয়েছি আমাদের কঠিন অভিজ্ঞতা হয়েছে। খুব বড় চ্যালেঞ্জ ছিল, তারপর সাকিবকে হারানো আরও বেশি চ্যালেঞ্জ হয়ে গেল।’
সাকিবকে ছাড়াই গত বছর এশিয়া কাপ, জিম্বাবুয়ে সিরিজ খেলেছে বাংলাদেশ। মাশরাফি বলছেন, দলের সবাইকে ইতিবাচক চিন্তা করতে হবে। মানসিকভাবে শক্ত হতে হবে। তিনি বলেছেন, ‘তারপরেও যারা আছে, তাদেরকে নিয়ে এশিয়া কাপেও এই চ্যালেঞ্জ নিয়ে খেলেছি। অতএব আমাদের ইতিবাচক চিন্তা করেই মাঠে খেলতে হবে। একই সঙ্গে এটাও সত্যি সাকিব না থাকলে আমাদের দুইটা জায়গায় ক্ষতি হয়ে যায়। তাই সেভাবেই আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে।’
এবার নিউজিল্যান্ড সফরে অন্তত ওয়ানডেতে জয়ের আশা করছেন মাশরাফি। সিরিজ জয় নিয়ে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই সম্ভব। সম্ভব না এটা না। কঠিন কিন্তু সম্ভব। সেজন্য মনের জোর খুব বেশি জরুরি। একই সঙ্গে পরিকল্পনা অনুযায়ী খেলাটাও জরুরি। সব কিছু ঠিকঠাক হলে অবশ্যই সম্ভব।’
সদ্য সমাপ্ত বিপিএলে তামিম-মুশফিকদের রানের ছন্দ স্বস্তি জুগিয়েছে বাংলাদেশ দলে। নিউজিল্যান্ডের কন্ডিশনে বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়ে মাশরাফি বলেছেন, ‘বিপিএলে শেষের দিকে যেমন উইকেট ছিল বিশেষ করে সেমিফাইনালে এবং ফাইনালে। আমার মনে হয় উইকেটগুলো এমনই থাকবে। এমন ফ্ল্যাট হবে। তাই ব্যাটসম্যানদের রানে ফেরা আমাদের জন্য অবশ্যই স্বস্তির। বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই আমি যেটা বললাম পরিকল্পনা অনুযায়ী যদি খেলতে পারি, একটা বিভাগ ভালো করলে তো হবে না, সবকটি বিভাগ ভালো করলে সম্ভব।’
