মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে চালকের গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় করেরহাট-রামগড় সড়কের নয়টিলা মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক আবদুল বারেক ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। হেঁয়াকো থেকে দুই ছিনতাইকারী যাত্রীবেশে বারইয়ারহাট যাবে বলে তার মোটরসাইকেলে ওঠে। পথে নয়টিলা মাজার এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা বারেককে অবরুদ্ধ করে মোটরসাইকেল নিয়ে যেতে চায়। এসময় বারেক বাধা দিলে তার গলায় ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা বারেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, হাসপাতালে চিকিত্সাধীন মোটরসাইকেল চালক আশঙ্কামুক্ত। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
