অজিরাও ফেবারিট:পন্টিং

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১০

স্পোর্টস রিপোর্টার

কথা যখন বিশ্বকাপ নিয়েই হচ্ছে, তখন এই বিষয়ে কথা বলার জন্য রিকি পন্টিংয়ের চেয়ে যোগ্য লোক আর হতে পারে না। বিশ্বকাপেরই যেন অপর নাম সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়ক খেলোয়াড়ি জীবনে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। এর মধ্যে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ - টানা তিনটি বিশ্বকাপ তিনি জিতেছেন, এর মধ্যে শেষের দু’টো অধিনায়ক হিসেবে।

ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়া পন্টিং মনে করছেন, বিশ্বকাপে তার দলের যথেষ্ট সম্ভাবনা আছে। আর নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফিরে আসলে অস্ট্রেলিয়া দলটি অন্য যেকোনো দলের সাথেই পাল্লা দিয়ে লড়ে যাওয়ার সক্ষমতা অর্জন করবে। আসছে ২৯ মার্চ এই দুই ক্রিকেটারের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

বিশ্বকাপে নিজের ফেবারিটের তালিকায় তাই ভারত ও ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়াকেও রাখছেন পন্টিং। তিনি বলেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়ার শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে। এখন যে অবস্থা, তাতে ইংল্যান্ড ও ভারতকে অবশ্যই ফেবারিট মানতে হচ্ছে।  তবে, একবার ওয়ার্নার ও স্মিথ দলে ফিরে আসলে আমরাও বিশ্বকাপ জয়ের জন্য যোগ্য দল হয়ে উঠবো।’

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। আগামী এক জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।

মজার ব্যাপার হলো, এর আগে জাস্টিন ল্যাঙ্গার ও রিকি পন্টিং জাতীয় দলের হয়ে এক সাথে খেলেছেন। এবার সেই ৪৪ বছর বয়সী পন্টিং আবারো ল্যাঙ্গারের সাথে জুটি বাঁধতে চলেছেন। পন্টিংয়ের অধিনায়কত্বেও ল্যাঙ্গার খেলেছেন লম্বা একটা সময়। এবার সেই পন্টিং হলেন তার ডেপুটি। পন্টিং বলেন, ‘আমি শুধু দলটির কোচি স্টাফ দলের একজন বলে বলছি না, আমি এই দলটাকে অনেকদিন ধরে চিনি। ইংল্যান্ডের কন্ডিশনটা আমাদের খেলার ধরনের সাথে খুব মানানসই। তাই আমি মনে করি বিশ্বকাপের জয়ের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে অবশ্যই রাখতে হবে।’

ইংলিশ কন্ডিশনে অস্ট্রেলিয়ার ভালো করার ব্যাপারে আশাবাদী পন্টিং। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইংলিশ উইকেটগুলোতে খুব বেশি স্পিন ধরার কথা নয়। আর সেটা হলেও সমস্যা নেই। আমাদের স্কোয়াডে স্পিন ভালো খেলতে পারা অনেক ব্যাটসম্যানই আছেন। আমাদের দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা চাপের মুখে ভালো খেলতে পারেন। আর এই কাজটা আমরা আগেও করে দেখিয়েছি।’

আগামী ২৩ এপ্রিলের মধ্যে অস্ট্রেলিয়া দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করে ফেলবে। মে’র শুরু থেকে ব্রিসবেনের বুপা ন্যাশনাল ক্রিকেট সেন্টারে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্প। এর আগে পন্টিং ব্যস্ত থাকবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। কারণ তিনি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ। আইপিএল শেষ করেই তিনি যোগ দেবেন অস্ট্রেলিয়া দলে।