তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
আগামী ২০ সেপ্টেম্বর তালার খলিষখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে তিন চেয়ারম্যান প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীই শিক্ষক। নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সাংবাদিক মোজাফফার রহমান নৌকা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমান পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি। এদিকে সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে মনোনয়ন পেয়ে হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর কলেজে শিক্ষকতা করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী রেজাউল করিম মনু আনারস প্রতীক নিয়ে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি সাতক্ষীরার সিটি কলেজে শিক্ষকতা করেন। তবে খলিষখালী ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ইউনিয়নে নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। আর কে হবেন চেয়ারম্যান—এ নিয়ে খলিষখালী ইউনিয়নের বিভিন্ন হাটবাজারের চায়ের দোকানগুলোতে আলোচনা-সমালোচনার শেষ নেই।
