স্পন্সর ছাড়াই শুরু হলো চ্যাম্পিয়নশিপ লিগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১১

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হওয়ার আগে লিগ কমিটি জানিয়েছিল, স্পন্সর প্রতিষ্ঠান থাকছে। লিগের ম্যাচ হয়ে গেছে ৩০টি। তারপরও স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করতে পারেনি লিগ কমিটি। গতকাল কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছে পেশাদার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। এটিও শুরু হলো স্পন্সর ছাড়াই। এবারও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী একই কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, দুই একদিনের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠানের নাম জানা যাবে।’ তিনি বলেন,‘দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আমাদের সঙ্গে রয়েছে যে কারণে অন্য কোনো প্রতিষ্ঠানকে আমরা স্পন্সর করতে পারছি না।’ লিগের উদ্বোধন শেষে টেলিভিশন সংবাদ মাধ্যমকে এসব কথা জানিয়ে ছুটে গেলেন নিজের কর্মস্থলে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলায় ফরাশগঞ্জ ১-০ গোলে নবাগত দল ঢাকা সিটি ফুটবল ক্লাবকে হারিয়েছে। ৮৯ মিনিটে আরিফ মিয়া গোল করেন। ফরাশগঞ্জ পুরোন ঢাকার দল। ঢাকা সিটি ফুটবল ক্লাব নতুন দল হলেও চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে এসেছে। জাতীয় দলের সাবেক তারকা রোকনুজ্জামান কাঞ্চন এই দলের অধিনায়ক। ফরাশগঞ্জের বিপক্ষে কঠিন লড়াই হয়েছে ঢাকা এফসির। শেষ পর্যন্ত খেলা শেষ হওয়ার মুহূর্তে গোল হজম করে ঢাকা এফসি।

প্রিমিয়ার ফুটবল লিগের দশম আসর হতে রেলিগেশন হওয়া ফরাশগঞ্জ এবং প্রিমিয়ার লিগে খেলা ফেণীর সকার ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব খেলছে চ্যাম্পিয়নশিপ লিগে। অন্য দলগুলো হচ্ছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল, স্বাধীনতা ক্রীড়া সংঘ, টিএন্ডটি ক্লাব, অগ্রণী ব্যাংক, ঢাকা সিটি এফসি ও পুলিশ এফসি।

আজকের খেলা

ভিক্টোরিয়া ঃ ওয়ারী। ফকিরেরপুল ঃ স্বাধীনতা কেএস। ১টা ও ৩টা ১৫, কমলাপুর স্টেডিয়াম।