এবার শিরোপায় চোখ রিয়ালের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২

ভিএআরকে দুষছেন না সিমিওনে

স্পোর্টস ডেস্ক

মাদ্রিদ ডার্বিতে ৩-১ গোলের জয় নিয়ে শনিবার রাতে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এদিকে নিজেদের মাঠে পরাজয়ে শিরোপা দৌড় থেকে দূরে সরে যাওয়ার পর অ্যাটলেটিকো মাদ্রিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে প্রশ্নবিদ্ধ করলেও তার সঙ্গে একমত নন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে।

ডার্বি ম্যাচ এলেই প্রতিপক্ষ গোলমুখের ত্রাস হয়ে ওঠেন সার্জিও র্যামোস। তাই এই ম্যাচের সেটপিসগুলোয় তাকে কড়া নজরদারিতে রাখছিল স্বাগতিক ডিফেন্ডাররা। কিন্তু সেই কৌশলই কাল হয়ে দাঁড়ালো তাদের জন্য। ১৬তম মিনিটে লুকা মদ্রিচের করা কর্নারটিতে র্যামোসকে রুখতে ব্যস্ত ছিল অ্যাটলেটিকো রক্ষণ, ফলে ফাঁকায় থাকা ক্যাসেমিরো দারুণ বাইসাইকেল শটে গোল করে এগিয়ে দেন রিয়ালকে।

২৫ মিনিটে আনহেল কোরেয়ার বাড়ানো লম্বা বল থেকে লক্ষ্যভেদ করে স্বাগতিকদেরকে সমতায় ফেরান অ্যান্টোনিও গ্রীজম্যান, তবে অফসাইডের খড়্গে প্রথমে সেটি বাতিল ঘোষিত হলেও ভিএআরের কল্যাণে তা ফিরে পায় তারা। বিরতির ৩ মিনিট আগে অ্যাটলেটিকো বক্সে আগুয়ান ভিনিসিয়াস জুনিয়র ফাউলের শিকার হলে বিতর্কিত এক পেনাল্টি পায় রিয়াল, সেখান থেকে লক্ষ্যভেদ করে দলকে অগ্রগামিতা ফিরিয়ে দেন র্যামোস।

প্রথমার্ধে কিছুটা অগোছালো অ্যাটলেটিকো বিরতির পর রিয়াল গোলমুখে ত্রাস সৃষ্টি করতে থাকে। স্বাগতিক ফরোয়ার্ড আলভারো মোরাতা রিয়ালের জালে বলও জড়িয়েছিলেন একবার, কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ৭৪ মিনিটে প্রতি আক্রমণ থেকে রিয়াল মিডফিল্ডার লুকা মদ্রিচের বাড়ানো বল নিয়ন্ত্রণে এনে বাঁ পায়ের শটে স্বাগতিকদের জালে পাঠান গ্যারেথ বেল, জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। এর ফলে নগর প্রতিদ্বন্দ্ব্বীদের পেছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো কোচ সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

এমন জয়ের পর কোচ সোলারি জানালেন শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তার দল। আর্জেন্টাইন কোচের ভাষায়, ‘রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত সবকিছুর জন্য লড়ে। এখন আমরা দ্বিতীয় স্থানে আছি কিন্তু আমাদেরকে এমন নৈপুণ্য ধরে রাখতে হবে কেননা আমি জানি অ্যাটলেটিকোও লড়াই চালিয়ে যাবে। দারুণ এক কোচের অধীনে অ্যাটলেটিকো দারুণ এক দল। এখন আমাদের এমন পারফর্মেন্স অব্যাহত রেখে জিততে হবে।’

তবে পা মাটিতেই রাখছেন সোলারি। তার ভাষায়, ‘আমাদের পা মাটিতেই আছে এবং আমরা জানি পরিশ্রম করা চালিয়ে যেতে হবে আমাদের।’

এদিকে পরাজয়টির ফলে পয়েন্ট তালিকায় একধাপ পিছিয়ে তিনে নেমে গেছে অ্যাটলেটিকো। গত রাতে বার্সেলোনা জিতে থাকলে শীর্ষে থাকা কাতালানদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে নয়-এ। এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের খণ্ডচিত্র যুক্ত করে ভিএআরকে দুষছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচেও বার তিনেকের মতো ভিএআরের সিদ্ধান্তে অখুশি দেখাচ্ছিল অ্যাটলেটিকো খেলোয়াড়দের। তবে এর সঙ্গে একমত নন সিমিওনে। তিনি বলেন, ‘আমি সাধারণত ভিএআর নিয়ে কথা বলি না। এটা পরিষ্কারভাবেই সবার মঙ্গলের ব্যাপারটিকেই আরও উন্নত করবে। ভিএআরের কারণে হেরেছি বলে আমি বিশ্বাস করি না।’