সাফের আগে কোচ বরখাস্তে দেশের ফুটবলের বড় ধাক্কা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

সাফের খেলা শুরু হবে ১ অক্টোবর। হাতে আছে মাত্র বারো-তেরো দিন। কোচ জেমি সাফ নিয়ে সব পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। কীভাবে দলটাকে খেলাবেন, কাকে নামাবেন, সব কিছু নিয়ে মাথা ঘামিয়েছেন। বৃহস্পতিবার তার অনুশীলনে নেমে পড়ার কথা। ঠিক এমন সময় জানতে পারলেন তার চাকরি নেই।

দেশের ফুটবলের বড় কর্তারা ফুটবলের কি এমন স্বার্থে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেললেন তা বুঝা গেল না। দায়িত্বপ্রাপ্ত একজন কোচকে এভাবে সরিয়ে দিয়ে আলোচনায় এসেছেন বাফুফের কিছু কর্মকর্তা। তিন বছর ধরে এই কোচ জাতীয় দলের দায়িত্ব পরিচালনা করে আসছেন। তার ব্যর্থতা আগেও ছিল। কিন্তু কোনো দিন ম্যানেজমেন্ট কমিটি সরব ছিল না। এমনকি নেপালে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চলছে, দেশের সুবর্ণজয়ন্তী চলছিল, এমন সময় বাংলাদেশের ফুটবল বিদেশের মাটিতে টুর্নামেন্ট ফাইনালে উঠে শিরোপা জয়ের সুযোগ পেয়েও সেটি গ্রহণ করতে পারেনি। ৫ ফুটবলারকে কোচ জেমি ফাইনালে একাদশে নামায়নি। তখনো জেমিকে বরখাস্ত করার প্রয়োজন মনে করেনি বাফুফে। আর এখন সাফের জন্য কিরগিজস্তানে প্রস্তুতি ম্যাচ খেলে এসেই চাকরি হারালেন কোচ জেমি। কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ঘোষণা করে সর্বসম্মতিক্রমে আমরা জেমিকে দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় দায়িত্ব হতে অব্যাহিত দিয়েছি। এই সময় বসুন্ধরার কোচ অস্কার ব্রুজন দায়িত্ব পালন করবেন।’

বাফুফের আচরণে অপমানিত জেমি

কিরিগিজস্তান হতে ফিরে সারাক্ষণ সাফের চিন্তায় মগ্ন ছিলেন। কোনো ঝড়-বাতাশ ছিল না। পূর্বাভাস ছিল না। আচমকাই চাকরি হারিয়েছেন জেমি। অথচ চাকরি যাওয়ার অনেক ঘটনা ছিল আগেও। তখনও বাফুফের টনক নড়েনি। এখন সাফে যাওয়ার আগে চাকরি হারালেন। জেমির শরীরটা ভালো না। গায়ে জ্বর। গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার কথা ছিল। তার আগে টিভির খবর, ফেসবুকে দেখলেন তার চেয়ার নেই। চাকরি হারিয়েছেন। তখন আর হোটেল রুম হতে বের হননি অপমানিত জেমি।