চতুর্থ স্থানে উঠে এলো ম্যান ইউ
স্পোর্টস ডেস্ক
নিজেদের মাঠে এএফসি বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে লিভারপুল আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এলো। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড গত শনিবার রাতে ফুলহ্যামের মাঠে একই ব্যবধানে জিতে চতুর্থ স্থানে উঠে আসে।
দৃশ্যত লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়া শিরোপা লড়াইয়ে এ জয়ের ফলে এখন তিন পয়েন্টে এগিয়ে থাকল কোচ য়ুর্গেন ক্লপের দল। গোলগুলো করেন সাদিও মানে, জর্জিনিও উয়াইনালডাম ও মোহামেদ সালাহ। অবশ্য গত রাতে ম্যানচেস্টার সিটি যদি চেলসিকে হারিয়ে থাকে, তাহলে উভয় দলের পয়েন্ট সমান হয়ে যাবে। লিভারপুল অবশ্য সিটির চাইতে এক ম্যাচ কম খেলেছে।
কোচ ক্লপ দলের এ জয়ে স্ট্রাইকার সালাহর অলরাউন্ড নৈপুণ্যের প্রশংসা করেন। এ নিয়ে চলতি মৌসুমে ২০ গোল করলেন সালাহ। মিসরীয় এই স্ট্রাইকার ৪৮ মিনিটের সময়েই খেলাটিকে অতিথিদের নাগালের বাইরে নিয়ে যান। প্রথমার্ধে সাদিও মানে ও উয়াইনালডামের গোল দুটির পর রবার্তো ফিরমিনহোর ব্যাকহিল আয়ত্তে নিয়ে দলের ব্যবধান ৩-০ করে দেন তিনি।
সালাহই হলেন লুই সুয়ারেজের পর লিভারপুলের প্রথম খেলোয়াড় যিনি টানা দ্বিতীয় মৌসুমে ২০ গোল করলেন। স্বভাবতই সালাহকে নিয়ে উচ্ছ্বসিত জার্মান কোচ ক্লপ। তার মতে, ‘রেকর্ড ভালো। তবে পারফর্মেন্স ছিল সত্যি অসাধারণ। সে অসাধারণ একটা ম্যাচ খেলেছে।’
ক্লপ আরও বলেন, ‘এটা ঠিক সেই ফুটবল যা খেলার সামর্থ্য আছে তার। আমরাও তার কাছে এমনটাই চাই। সবকিছুতে নিজেকে সম্পৃক্ত করে খেলা। শুধু গোল করেই নয় এমনকি খেলায় আক্রমণ গড়ে তোলা, কখনো কখনো নিচে নেমে আসা, মাঝমাঠে, ছড়িয়ে ছিটিয়ে থাকার মতো সবকিছুতে।’
সার্বিকভাবে দলের নৈপুণ্য নিয়েও কথা বলেন ক্লপ। তার মতে, ‘আজ ছিল এমন এক দিন যেখানে ছেলেরা সত্যিই দেখাতে পেরেছে যে আমরা কিছুটা ফুটবল খেলতে পারি। আমি সত্যি তাদের জন্য আনন্দিত।’
বিপক্ষ কোচ অবশ্য সাদিও মানের গোলটিকে অফসাইড থেকে পাওয়া বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি নিজে এটা দেখিনি। কিন্তু আমার কোচিং স্টাফরা বলল যে এটা পরিষ্কার অফসাইড ছিল।’
লেস্টার সিটি ও ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেল লিভারপুল। ২৬ খেলা শেষে রেডদের পয়েন্ট এখন ৬৫। অপরদিকে সমান খেলায় ৬২ পয়েন্ট নিয়ে গত রাতে চেলসিকে আতিথ্য দিয়েছে সিটি।
এদিকে ভারপ্রাপ্ত কোচ ওলে গুনে সোলসারের অধীনে ইউনাইটেড ৩-০ গোলে হারায় ফুলহ্যামকে। এ জয়ে ২৬ খেলা শেষে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো। পল পগবা জোড়া গোল করেন। তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।
