ফরাসি ওপেন
স্পোর্টস ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ ১১ বার শিরোপা জয়ের কীর্তি আছে রাফায়েল নাদালের। কিন্তু বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা জানালেন অদূর ভবিষ্যতে কেউ রেকর্ডটির সমকক্ষ হলে কিংবা ভেঙে ফেললে অবাক হবেন না তিনি।
নাদাল ক্যারিয়ারজুড়েই লাল মাটির কোর্টে বেশ দাপটের সঙ্গে খেলেছেন। পেয়েছেন ‘কিং অফ ক্লে’ কিংবা ‘মাটির কোর্টের রাজা’ খেতাবও। রোলাঁ গারোতে রেকর্ড ১১ বারের শিরোপাধারী তিনি। উন্মুক্ত যুগে একই প্রতিযোগিতায় এতবার শিরোপা জয়ের কীর্তি নেই আর কারো। উন্মুক্ত যুগের আগে এ কীর্তি ছিল মার্গারেট কোর্টের; যিনি ১১টি অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছিলেন।
এমন অসামান্য কীর্তি গড়েও নাদাল বিশ্বাস করেন একদিন তার এ রেকর্ড ভাঙবেই। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘যদি আমি এটি করতে পারি তবে অন্য কেউ কেন পারবে না? আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই ভাবি, আমি যদি পারি তবে অন্যদের দ্বারাও এটা করা সম্ভব।’
নাদালের বিশ্বাস; ভবিষ্যতে কেউ একজন তার রেকর্ড ভাঙবেনই। তবে সে জন্য বেশ কাঠখড় পোড়াতে হবে তাকে। নাদালের ভাষায়, ‘ভবিষ্যতে কেউ একজন এসে এ কীর্তি ছোঁবে। এটা কঠিন; কেননা এখানে অনেকগুলো নিয়ামক কাজ করে। পুরো ক্যারিয়ারে আমি পাঁচবারের মতো চোটের শিকার হয়েছি কিন্তু রোঁলা গারোতে আমি কেবল একবার এর কবলে পড়েছি।’
মাটির কোর্টে সাফল্যের রেসিপি জানিয়ে নাদাল বলেন, ‘সেই দুই সপ্তাহে নিখুঁত হওয়াটাই এখানে গুরুত্বপূর্ণ এবং আপনি বছরের পর বছর এটা ধরে রাখতে পারেন।’
