কোভিড-১৯-এর অপ্রত্যাশিত অভিঘাত মোকাবিলায় এলডিসিভুক্ত দেশগুলোকে আন্তর্জাতিক সহায়তা এবং প্রণোদনা প্যাকেজ দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সঠিক পথে রয়েছে। তারপরেও অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ সৃষ্ট প্রতিবন্ধকতা হ্রাস করার লক্ষ্যে উত্তরণের যোগ্যতা অর্জনকারী এলডিসিগুলোকে আন্তর্জাতিক সহায়তা এবং প্রণোদনা প্যাকেজ দেওয়া প্রয়োজন।
শুক্রবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) নির্বাহী সচিব আর্মিদা সালসিয়া আলিসজাহবান ভার্চুয়াল পদ্ধতিতে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় অর্থমন্ত্রী এই বক্তব্য দেন। সাক্ষাতে আগামী ২০-২২ অক্টোবর অনুষ্ঠিতব্য ম্যক্রো ইকোনমিক পলিসি, পভার্টি রিডাকশন অ্যান্ড ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এমপিএফডি) সভায় বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সক্রিয়ভাবে অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয়। এ সময় অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ টেকসই উন্নয়নের ২০৩০ এজেন্ডার সঙ্গে সংগতিপূর্ণ পুনরুদ্ধার নিশ্চিত করার জন্য চতুর্মুখী কৌশলের নীতি বিবৃতি অনুমোদন করেছে। এখন আমরা এমন একটি উন্নয়ন পদ্ধতির অনুসরণ করছি যা আরো অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং পরিবেশবান্ধব। কারণ আমাদের প্রধানমন্ত্রী ইউএনএসকাপের ৭৭তম কমিশন অধিবেশনে তার ভাষণে এটি ঘোষণা করেছেন এবং নিশ্চিত করতে দেশগুলোকে একে অপরকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে আর্মিদা সালসিয়া আলিসজাহবান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি এই অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
