অভিনেত্রী শশী আফরোজা। নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। এবার নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছেন শশী। সিনেমার নাম ‘কাগজ: দ্য পেপার’। এই ছবিটি নির্মাণ করছেন জুলফিকার জাহেদী।
‘কাগজ: দ্য পেপার’ ছবিতে কেন্দ্রেীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। আরও অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।
এ প্রসঙ্গে শশী আফরোজা বলেন, ‘সিনেমাটিতে আমি একজন পরিচালকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। জাহেদী ভাইয়ের গল্পটি দারুণ, সিনেমাটি মুক্তি পেলে দর্শক বুঝতে পারবে। একেবারে ভিন্ন ধাঁচের গল্প নিয়ে ‘কাগজ: দ্য পেপার’ নির্মিত হচ্ছে।’

শশী আফরোজার কথায়, ‘আমি অভিনয়কে ভালোবাসি, অভিনয় করতে ভালো লাগে আমার। জীবনের বাকি সময়টা যেন অভিনয়কে সঙ্গী করেই থাকতে পারি। ভালো কাজের সাথে থাকতে পারি এটাই চাওয়া আমার। আর আমার এই অভিনয় করার নেপথ্যে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে আমার স্বামী। তার কাছে আমি সারাজীবন অনেক কৃতজ্ঞ থাকবো।’
শশী অভিনীত প্রথম সিনেমা অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’। এরপর কাজ করেন একই নির্মাতার ‘কসাই’ সিনেমায়। নির্মাণাধীন প্রযোজক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমা।
তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘১০০-তে একশো’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং সাইদুর রহমান রাসেল। নাটকটি প্রতি রবি থেকে বুধবার রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
