বার্সেলোনার ‘না’
স্পোর্টস ডেস্ক
তারকা এডেন হ্যাজার্ডের সম্ভাব্য ক্লাব ছাড়ার কথা মাথায় রেখে চেলসি বার্সেলোনা তারকা ফেলিপে কোটিনহোয় আগ্রহ প্রকাশ করেছে। তবে বার্সেলোনায় বাজে পারফর্মেন্সের পরেও সতীর্থদের পাশে পাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার, যাতে সায় দিয়ে এই মৌসুমেই তাকে ছাড়তে চায় না বার্সেলোনা কর্তৃপক্ষ।
চেলসির সঙ্গে চুক্তির আরও দেড় মৌসুম বাকি আছে হ্যাজার্ডের। এরপরও তাকে নতুন চুক্তির প্রস্তাব দেয় চেলসি। সমপ্রতি সেই মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি বেলজিয়ান ফরোয়ার্ড। হ্যাজার্ড জানিয়েছেন লন্ডনের ক্লাবটিতে নিজের ভবিষ্যত্ সম্পর্কে মৌসুমের শেষে জানাবেন তিনি। তবে গুঞ্জন আছে মৌসুম শেষে তার গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদে যারা ক্রিশ্চিয়ানো রোনালদোর শূন্যস্থান পূরণে একজন বড় তারকার খোঁজে আছে।
হ্যাজার্ডের সম্ভাব্য ক্লাব বদলের কথা মাথায় রেখেই তার শূন্যস্থান পূরণে নেমে পড়েছে চেলসি। ইংলিশ জাতীয় দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ জানাচ্ছে, তাদের নজরে আছে বার্সেলোনা মিডফিল্ডার ফেলিপে কোটিনহো। ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের রিলিজ ক্লজের অর্থ প্রদান করে তাকে প্রিমিয়ার লিগে ফেরানোর জন্য পর্যাপ্ত অর্থও আছে দ্য ব্লুজদের।
তবে চেলসির এমন আগ্রহকে কঠোরভাবে নাকচ করে দিয়েছেন বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিও। স্প্যানিশ দৈনিক ‘দিয়ারিও স্পোর্টস’ জানিয়েছে এখানে সতীর্থদের সমর্থন পাচ্ছেন কোটিনহো। দৈনিকটির ভাষ্যমতে, ব্রাজিলীয় ফুটবলারটির পেশাদারিত্ব এবং বিনম্র স্বভাবের গুণগ্রাহী তার সতীর্থরা।
এদিকে দলের কোচ আর্নেস্তো ভালভার্দেও ভরসা রাখছেন তার উপর। ছন্দে ফেরাতে তাকে আরও সুযোগ দিতে চান বার্সা কোচ। আরেক স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ট’ জানাচ্ছে এতেও সতীর্থদের পাশে পাচ্ছেন কোটিনহো।
