সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে দরপতন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার সপ্তাহের শুরুতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি ছিল বীমা খাতের প্রতিষ্ঠান। অবশ্য লেনদেন আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে। এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে প্রধান সূচক কমেছে ৪৮ পয়েন্টের বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মুদ্রানীতি ঘোষণার পর পুঁজিবাজারে সূচক নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। গেলো ২৫ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান সূচক প্রায় ছয় হাজারের কাছাকাছি পৌঁছে ছিলো। কিন্তু এর পর পড়তে থাকে। মাঝে কয়েকদিন সূচক কিছুটা উন্নতি হলেও সর্বশেষ গতকাল ৫৭৬৩ পয়েন্টে স্থির হয়েছে।

তবে বাজার বিশ্লেষকরা বলছেন, যে মুদ্রানীতি ঘোষিত হয়েছে সেটা আগের মুদ্রানীতি থেকে তেমন পার্থক্য নেই। শুধু বেসরকারি খাতে ঋণের প্রবাহ খুবই সামান্য কমিয়ে ধরা হয়েছে। এর ফলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ার কথা নয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, আগ্রণী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ও কর্ণফুলি ইন্স্যুরেন্স।

গতকাল ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানির ১৬ কোটি ৪৬ লাখ ৫২ হাজার ৬৬৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৮১২ কোটি ৭৭ লাখ ৩ হাজার টাকা। যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৩৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি।

 বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ৫৭৬৩ দশমিক ৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট কমে ২০২৪ দশমিক ৬৮ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে ১৩২০ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, ফরচুন সুজ, বিএসসিসিএল, লিগেসি ফুটওয়্যার, জেনেক্স ইনফোসিস, মুন্নু স্টাফলার, পাওয়ার গ্রিড, সিঙ্গার বিডি ও সোনার বাংলা ইন্স্যুরেন্স। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ফরচুন সুজ, জেএমআই সিরিঞ্জ, স্টাইল ক্র্যাফট, ম্যারিকো বাংলাদেশ, আরামিট, রেনেটা, মুন্নু সিরামিক, আইসিবি এএমসিএল সেকেন্ড মি. ফা., ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ফাইন ফুডস।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে যা বৃহস্পতিবারের তুলনায় ১৪ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।