বরিশাল থেকে ছয় রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭

বেইলি ব্রিজ মেরামত হয়নি

বরিশাল সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ সুমন সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত ব্রেইলি ব্রিজটি মেরামতের কাজ চলছে। শিগিগরই মেরামত

সম্পন্ন হবে

বরিশাল অফিস

তিন দিন আগে ভেঙে পড়া বেইলি ব্রিজ মেরামত না হওয়ায় বরিশাল নগরীর সঙ্গে বানারীপাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী ছয় রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।

বাধ্য হয়ে প্রায় ১২ কিলোমিটার ঘুরে অথবা বেইলি ব্রিজ এলাকা হেঁটে পার হয়ে যানবাহন পরিবর্তন করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। স্থানীয়রা জানান, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদ, নাজিরপুর, ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর, নবগ্রাম ও উজিরপুরসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এক বছর আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সে সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। তা দিয়েই এতদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপ সমিতির যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে জানান, যাত্রীদের ভোগান্তি লাঘবে বুধবার থেকেই তারা নথুল্লাবাদ থেকে মাধবপাশার ভাঙা সেতুর এপার পর্যন্ত এবং ওপার থেকে বানারীপাড়া ও নেছারাবাদ পর্যন্ত বাস চলাচল চালু করেছেন। সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বরিশাল সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ সুমন সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত ব্রেইলি ব্রিজটি মেরামতের কাজ চলছে। শিগিগরই মেরামত কাজ সম্পন্ন হবে।