কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরের প্রাণীসম্পদ অধিদপ্তরের কোয়ারেন্টাইন সেন্টারটি প্রতিষ্ঠার পাঁচ বছরেও চালু হয়নি। ভারত থেকে নিত্যপণ্যের পাশাপাশি গবাদি পশু, মুরগি, মুরগির মাংস, গবাদি পশুর খাবার, ডিম, ডেইরির কাঁচামাল, রোগ প্রতিরোধ এবং মান নিয়ন্ত্রণে ২০১৬ সালে এই কোয়ারেন্টাইন সেন্টারটি নির্মিত হয়। এটি পরিচালনার জন্য যাবতীয় যন্ত্রপাতিও আনা হয়েছিল। দ্বিতল ভবনটির নিচ তলায় কোয়ারেন্টাইন সেন্টার এবং দ্বিতীয় তলায় ডরমেটরি রয়েছে। বর্তমানে যেখানে দুজন কর্মচারী পরিবার নিয়ে বসবাস করছেন। সেন্টারটি নির্মাণের সময় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। সেন্টারটি থেকে আমদানিকৃত গবাদি পশু, মুরগির রোগ নির্ণয়, মুরগির মাংস, ডিম, পোল্ট্রি ফিডে ভেজাল শনাক্তকরণসহ অন্যান্য পরামর্শ পাওয়ার কথা। কিন্তু দীর্ঘ ৫ বছরেও চালু না হওয়ায় একদিকে যেমন ব্যবসায়ীরা হতাশ, তেমনি অন্যদিকে দীর্ঘদিন ধরে মেশিনগুলো অব্যবহূত থাকায় এসব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে। কোয়ারেন্টাইটি পরিচালনার জন্যও যে যন্ত্রপাতিগুলো আনা হয়েছে সেগুলোরও একটা মেয়াদ রয়েছে। জানা যায়, জনবল সংকটের কারণে এটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে দেখভালের জন্য দু’জন কর্মচারী রয়েছেন!
মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা
