জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীর কাছে জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রী কাকুলি রাণী মোহন্তকে (২৫) হত্যার পর লাশ হাসপাতালে রেখে স্বামী কল্লোব চন্দ্র মোহন্ত পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।  

শনিবার সকালে গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা মোঃ ওবাইদুল্লা জানান, সকালে স্বামী পরিচয়ে এক ব্যক্তি এই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই ওই নারীর স্বামী কৌশলে পালিয়ে যান। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর দেয়া হয়। 

নিহত কাকুলি রাণী মোহন্ত সাদুল্লাপুর উপজেলার পূর্ব কেশালিডাঙ্গা গ্রামের কল্লোব চন্দ্র মোহন্তের স্ত্রী ও পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের চিত্তরঞ্জন মহন্তের মেয়ে। অভিযুক্ত কল্লোব চন্দ্র মোহন্তের পূর্ব কেশালিডাঙ্গা গ্রামের শুকুল চন্দ্র মহন্তের ছেলে।

নিহত কাকুলির বড় ভাই মনোরঞ্জন মোহন্ত বলেন, আড়াই বছর আগে কাকুলির সঙ্গে কল্লোবের বিয়ে হয়। বিয়ের পর জানা যায়, কল্লোব জুয়া ও মাদকাসক্ত। বিয়ের পর কল্লোব ও তার পরিবারের লোকজন কাকুলিকে যৌতুকসহ বিভিন্ন কারণে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এছাড়া মাদক সেবন ও জুয়া খেলার জন্যও শশুর বাড়ি থেকে টাকা আনার কল্লোব স্ত্রী কাকুলিকে চাপ দিত। ঘটনার দিন শুক্রবার রাতে কল্লোব জুয়া খেলার জন্য তার স্ত্রী কাকুলি রাণীর নিকট টাকা চায়। কাকুলি টাকা দিতে অস্বীকার করে। এতে কল্লোব ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। কল্লোব লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পিতা চিত্তরঞ্জন মহন্ত থানায় একটি মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এসআই