খেলার মাঠে জলাবদ্ধতা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

সিংগাইরে খেলাধুলাবঞ্চিত  যুবসমাজ

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

উপজেলার জামশা ইউনিয়নের উত্তর জামশা অগ্রণী সংঘের খেলার মাঠটি বৃষ্টির পানিতে তলিয়ে থাকে। অগ্রণী সংঘ ক্লাবের সভাপতি প্রিন্সিপাল আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক গাজীউল হাসান ও থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা মহিদুর রহমান বলেন, এলাকার নরেন্দ্র কুমার ভৌমিক ও হেনা রানী দাস এই মাঠের জন্য ১৪০ শতাংশ জমি দান করে গেছেন। তারা বর্তমানে ভারতে বসবাস করেন। ভারতে যাওয়ার আগেই এলাকার ছেলেদের জন্য খেলার মাঠ হিসেবে এই জমি দিয়ে যান।

ঐতিহ্যবাহী এই মাঠের খেলোয়াড়েরা বড় বড় টিমের সঙ্গে খেলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইউনিয়ন ও থানা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে আসছেন। তারা জানান, মাঠটি ভরাটে টিআরের জন্য আবেদন করে কোনো লাভ হয়নি। অথচ নামে-বেনামে টিআর নিয়ে কোনো কাজ না করেই কত জনে কত কিছুই করছে। তবে সাবেক এমপি সৈয়দ আব্দুল মান্নান এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান দুই জনে ২ লাখ টাকা বরাদ্দ দিলে মাঠে মাটি ফেলা হয়। তারপর কারো নজর নেই মাঠটিতে। আশপাশের জলাশয় ভরাট হয়ে যাওয়ায় মাঠটি নিচু হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই মাঠে পানি জমে। পানি নিষ্কাশন না হওয়ায় মাঠটি এখন স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। সে জন্য খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার ক্রীড়ামোদী শিশু-কিশোর-তরুণেরা। এলাকার একমাত্র এই খেলার মাঠে খেলাধুলার পরিবেশ না থাকায় যুবসমাজ বিভিন্ন নেশার দিকে ঝুঁকে পড়ছে  বলে তারা মনে করেন।