বড়লেখা (মৌলভীবাজার): শনিবার মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের শহীদ মিনার এলাকার একদল তরুণ পৌর শহরের শহীদ মিনার থেকে শুরু করে ভূমি অফিসসংলগ্ন এলাকায় ঝাড়ু ও বেলচা নিয়ে রাস্তা, রাস্তার পাশের পানি নিষ্কাশনের নালা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে। পরে রাস্তা ও নালায় যাতে ময়লা ফেলা না হয়, সে জন্য ওই এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান চলে। এই কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে ‘বিডি ক্লিন’, সিলেটের বিভাগীয় সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘প্রতি শুক্রবার আমরা সারাদেশে এই পরিচ্ছন্নতা অভিযান করে থাকি। পরিচ্ছন্নতার বার্তা মানুষের কাছে পৌঁছাতে সারাদেশের মতো বড়লেখায় এই কাজ করেছি’ —ইত্তেফাক
