ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বনানীতে একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের এক কর্মকর্তা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তার নাম ওয়াহিদ খান (৩৮)। তিনি বনানীর ডি ব্লকের ১৩/এ রোডের ৯৬ নম্বর বাড়িতে অবস্থিত অরিয়েন্ট ইঞ্জিনিয়ারিং সিস্টেম লিমিটেডের ফিন্যান্স অ্যান্ড এডমিন কর্মকর্তা। গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় বনানীর অফিস থেকে বের হয়ে যান মালিবাগে একটি অফিসের উদ্দেশে। এরপর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের পরদিন তার স্ত্রী নাহিদ তাসলীমা বাদী হয়ে বনানী থানায় একটি জিডি করেন।
অরিয়েন্ট ইঞ্জিনিয়ারিং সিস্টেম প্রতিষ্ঠানের কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, ১২ সেপ্টেম্বর ওয়াহিদ খান সকাল সাড়ে ৮ টার দিকে অফিসে প্রবেশ করেন। এর কিছু সময় পর তিনি অফিস থেকে বের হন। আবার তিনি অফিসে প্রবেশ করেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ অনুযায়ী সকাল ৮টা ৫৮ মিনিটে তিনি কিছু কাগজপত্র হাতে নিয়ে বের হন। বের হওয়ার সময় তিনি অফিসকে জানিয়েছিলেন যে, তাকে মালিবাগে একটি অফিসে ডাকা হয়েছে। মালিবাগে যাওয়ার সময় তিনি অফিসের গাড়ি ব্যবহার করেননি।
ঘটনার কয়েক ঘণ্টা পর ওয়াহিদ খানের স্ত্রী অফিসে ফোন করে জানান যে, তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পর থেকে ওয়াহিদ খানের খবর নেই। রূপনগরের শিয়ালবাড়ী এলাকার ৬ নম্বর রোডের ২৪ নম্বর বাড়িতে ওয়াহিদ খান সপরিবারে থাকেন।
সূত্র জানায়, অরিয়েন্ট ইঞ্জিনিয়ারিং সিস্টেম প্রতিষ্ঠানটি পাকিস্তান ভিত্তিক একটি কোম্পানি। পাকিস্তানের তৈরি বৈদ্যুতিক জেনারেটর এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে আমদানি করে।
