কয়েক দিন আগেই আইসিইউ ছেড়েছিলেন। সেই খবর জানান খুব উত্ফুল্লের সঙ্গেই। গত শুক্রবার ফের আইসিউতে নেওয়া হয় কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলেকে। তবে তা মাত্র কিছুক্ষণের জন্যেই। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে ফিরে এসে ৮০ বছর বয়সি পেলে জানান, ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন তিনি।
সম্প্রতি মলাশয়ের টিউমার অপসারণের জন্য সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অস্ত্রোপচার করান পেলে। অস্ত্রোপচারের পর কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে তিনটি বিশ্বকাপ জেতা পেলে ইনস্টাগ্রামে লেখেন, ‘বন্ধুরা, আমি এখন ভালোভাবে সেরে উঠছি। আজ (গতকাল) পরিবারের সদস্যরা আমার সঙ্গে দেখা করেছে এবং এখন আমি প্রতিদিন হাসতে পারছি। আপনাদের কাছ থেকে যেই ভালোবাসার বার্তা পাচ্ছি তার জন্য ধন্যবাদ।’
আলবার্ট আইনস্টাইন হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেলেকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তাকে এখন সেমি ইনটেনসিভ কেয়ারে নেওয়া হয়েছে। হূদ্যন্ত্র ও শ্বাসযন্ত্রের দিক থেকে বললে তিনি এই মুহূর্তে স্থিতিশীল আছেন।
