মমতাকেই মোদিবিরোধী জোটের প্রধান করতে চায় তৃণমূল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩১

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিবিরোধী জোট গড়তে তত্পর পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এবার দলটির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী নয় বরং বিজেপিবিরোধী জোটের প্রধান মুখ করা হোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই। শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় প্রকাশিত এক নিবন্ধে এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতে মোদিবিরোধী জোটের প্রধান মুখ করা হোক মমতাকে, রাহুল গান্ধীকে নন। জোট চালানোর শক্তি এখন মমতারই আছে, রাহুল গান্ধীর নেই। তবে মোদিবিরোধী জোটে অবশ্যই রাখতে হবে কংগ্রেসকেও। কংগ্রেস ছাড়া মোদিবিরোধী জোট হলেও তা টিকে থাকা কঠিন হবে। এনসিপি, শিবসেনা, আম আদমি পার্টি, ডিএমকের মতো বিরোধী দল থাকলেও প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির প্রতিদ্বন্দ্বী মুখ হতে পারেন মমতাই।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, দলীয় মুখপত্রে রাহুল গান্ধী সম্পর্কে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি অংশ তুলে ধরা হয়েছে। সুদীপের উদ্ধৃতি হিসেবে লেখা হয়েছে, রাহুল গান্ধীকে আমি বহু দিন ধরে চিনি। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, তিনি এখনো নরেন্দ্র মোদির বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি। আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলে মমতা ব্যানার্জিকে বিকল্প মুখ হিসেবে সামনে রেখে প্রচারে যাব।

খবরে বলা হয়েছে, বিধানসভা ভোটে বিজেপিকে একক শক্তিতে হারানোর পরেই রাজ্যের বাইরে দলের বিস্তারে বিশেষ জোর দিয়েছিল তৃণমূল। সেই সূত্রেই জাতীয় স্তরে বিজেপিবিরোধী জোটে দলের বিশেষ স্বীকৃতি দাবি করেছিল তারা। এবার আরো স্পষ্ট করে তা সামনে এনেছেন দলের বর্ষীয়ান এমপি সুদীপ।

এই বার্তা সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে খুশি করার অভিযোগ করেছেন রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, তৃণমূলের এই বার্তায় সব থেকে বেশি খুশি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ, তিনি চান যাতে বিরোধী ঐক্য না হয়।

সিপিএমও জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দেয়নি। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, গত নির্বাচনের আগেও আমরা অনেক কিছু দেখেছি। কে প্রধান মুখ হবেন, সেটা বলার সময় এখনো আসেনি। তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, নিজেদের মুখপত্রে ছবি ছাপছেন। মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানাচ্ছেন। বানান। তাতে কী যায় আসে?