শিশুর কান্নায় মিললো মায়ের লাশ  

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭

ময়মনসিংহের নান্দাইলে যোগের হাওর থেকে ইয়াসমিন আক্তার (৩৫) নামে  এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর)  দিবাগত রাতে ওই গৃহবধূর ৩ বছর বয়সী শিশুকন্যা ফাতেমার কান্না শুনে স্থানীয় ক্ষত-বিক্ষত লাশের সন্ধান পান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইয়াসমিন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মো.সিরাজের কন্যা। প্রায় ৮ বছর আগে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার পুত্র মো. সাদ্দাম হোসেনের সঙ্গে ইয়াসমিনের বিয়ে হয়। এর মধ্যে তারা ২ সন্তানের জন্ম দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের বিভিন্ন বিষয়ে কলহ লেগে ছিল।  শেষপর্যন্ত সেই কলহ মামলায় গড়ায়। তবে,  কিছুদিন পর তাদের মধ্যে সমঝোতা হওয়ার পর দুই দিন আগে ইয়াসমিন স্বামীর বাড়িতে ফিরে আসেন।

এদিকে, ইয়াসমিনের বাবা-মায়ের পরিবারের অভিযোগ, সাদ্দাম ও তার পরিবারের লোকজন  পরিকল্পিতভাবে এ খুনের ঘটনা ঘটিয়েছে। যেখানে ইয়াসমিনের লাশ পাওয়া গেছে,  সেখান থেকে তার স্বামীর বাড়ির দূরত্ব মাত্র  আধা কিলোমিটার। 

নান্দাইল মডেল থানার ওসি  বলেন, ‘রবিবার গৃহবধূর লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।  ঘটনার পর থেকেই সাদ্দাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।’ খুনের বিষয়ে কিছু আলামত পাওয়া গেছে বলেও ওসি জানান।  

 /ইত্তেফাক/এনই/