তালা উপজেলার শাকদাহ খালের ব্রিজটি সংস্কারের অভাবে ধ্বংস হতে বসেছে। ব্রিজটির এক প্রান্তে সংযোগ রাস্তা না থাকায় কৃষিজোন খ্যাত শাকদাহ এলাকায় উত্পাদিত কৃষিপণ্য দ্রুত বাজারজাত করতে পারছে না অন্তত ৩০ গ্রামের কৃষক।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শাকদাহ ব্রিজের উত্তরদিকে প্রবাহিত কপোতাক্ষ নদ থেকে বেতনা নদীতে মিশ্রিত দীর্ঘ খালের ওপর এ ব্রিজটির অবস্থান। সংস্কারের অভাবে দীর্ঘদিন সম আলাউদ্দীন ব্রিজটির নিরাপত্তা রেলিং নিশ্চিহ্ন হয়েছে অনেক আগেই।
স্থানীয় ইউপি সদস্য পরিতোষ কুমার দাশ জানান, অনেক আগের নির্মিত ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার হলে তিন ইউনিয়নের জনসাধারণের উপকারে আসবে।
সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান জানান, দীর্ঘদিন সংস্কার না করার ফলে ব্রিজের পশ্চিমদিকে মিঠাবাড়ি, নগরঘাটা, পাঁচপাড়া, ভৈরবনগর, মঠবাড়িয়া, কালীবাড়িসহ ১০টি গ্রামের মানুষ ব্রিজের এক প্রান্তে আসতে পারলেও পূর্বদিকের প্রান্তে সংযোগ রাস্তা না থাকায় ২০ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে কৃষিপণ্য বাজারজাত করতে ব্রিজটি ব্যবহার করতে না পারায় প্রায় ১০ কিলোমিটার ঘুরে পাটকেলঘাটা বাজারে যেতে হচ্ছে।
এদিকে অল্প সময়ে পণ্যগুলো বাজারজাত করতে ব্রিজের পূর্ব প্রান্তের অধিগ্রহণকৃত রাস্তার জমি দখলদারদের কবল থেকে মুক্ত করে ব্যবহারের উপযোগী করতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে অনেক আগের নির্মিত ব্রিজটি এলজিইডির আওতাভুক্ত না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না।
