লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মানববন্ধন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়া বাজার সড়কে রবিবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী আমিনুর ইসলামের নেতৃত্বে মানববন্ধন হয়েছে।  

নিজ স্ত্রীর করা মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করেন পোদ্দারপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নূর ইসলাম সন্তান আমিনুর ইসলাম।

আমিনুর জানান, গত বছরের ২৫ জুন লোহাগড়া বাজারের ফয়েজমোড় এলাকার আফিয়া খানম লিমাকে বিয়ে করেন। গর্ভবতী হওয়ার এক পর্যায়ে পরকীয়ার কারণে গত বছরের ১৯ নভেম্বর কয়েকজনের সহযেগিতায় সে সন্তান নষ্ট করার চেষ্টা চালায়। এতে বাধা দিলে লিমা তার সহযোগিদের দিয়ে আমাকে (আমিনুর) অপহরণ করে আটকেও রাখে। ২৮ নভেম্বর আমার পরিবার খবর পেয়ে আমাকে মুক্ত করে আনে। এ বিষয়ে আমি নড়াইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করলে তিনি লোহাগড়া থানার ওসিকে ১০ ডিসেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু আমি লোহাগড়া থানা পুলিশের কোনো সহযোগিতা পাইনি। বরং লিমা আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় আমি নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। স্ত্রীর বেপরোয়া চলাফেরার কারণে আমার জীবন সংকটে পড়েছে। নিরাপত্তাহীনতায় রয়েছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পোদ্দারপাড়ার কামাল হোসেন, আবুজার, ছাতড়া গ্রামের আকাশ, মানিক, আরিফসহ শতাধিক গ্রামবাসী।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।