তাড়াশে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

স্বামীর পরকীয়ায় বাধা দেয়া তাড়াশে গৃহবধূ সোনিয়া খাতুন আম্বিয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে রবিবার মানববন্ধন হয়েছে। তাড়াশ উপজেলা পরিষদের সামনে সোনিয়ার স্বজন, তাড়াশবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মানবন্ধনে অংশ নেন।

এ সময় বক্তারা দ্রুত বিচার আইনে সোনিয়া হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবি জানান। পরে তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

প্রসঙ্গত, তাড়াশ সদরের উপজেলা পাড়ার শাহআলমের মেয়ে সোনিয়া খাতুন আম্বিয়ার সঙ্গে জেলার শাহজাদপুর উপজেলার ঘোড়শাল গ্রামের শাহজাহানের ছেলে আবুল কালামের পাঁচ বছর আগে বিয়ে হয়। গত বৃহস্পতিবার স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী আবুল কালাম তার নিজ বাড়িতে স্বজনদের সহযোগিতায় আম্বিয়াকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শুক্রবার সোনিয়ার বাবা শাহআলম বাদী হয়ে ১১ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।