ইত্তেফাক রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কে এম নুরুল হুদার মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খুঁজছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নিজেই একটি স্বাধীন সত্তা। সেই স্বাধীন সত্তার যে ক্ষমতা, অথচ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিজেই আত্মসমর্পণ করতে চান। এ ধরনের নুরুল হুদাদেরই খুঁজে আনতে চায় সরকার।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন নির্বাচন কমিশন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক এমপি মাসুদ অরুণ, মত্সজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুগ্ম-সাধারণ সম্পাদক তবিবুর রহমান সাগর, আয়োজক সংগঠনের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ ব্যাংককে সরকার সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অস্ত্র হিসেবে ব্যবহার করছে মন্তব্য করে রিজভী বলেন, সাংবাদিকরা কয় টাকা বেতন পান? বাংলাদেশ ব্যাংককে লেলিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে।
