নতুন দায়িত্বে শাফিন আহমেদ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

 বিনোদন রিপোর্ট

 

জনপ্রিয় ব্যান্ডতারকা শাফিন আহমেদ নিজের ব্যান্ডদল মাইলসের গানের পাশাপাশি একক গানও প্রকাশ করছেন নিয়মিত। গানগুলো বরাবরই শ্রোতাপ্রিয়তা পাচ্ছে। এছাড়া তার আগের গাওয়া গানগুলো সংরক্ষণের লক্ষ্যে নতুন করে তৈরি করে নিয়মিতই রিলিজ দিচ্ছেন। পাশাপাশি তিনি সংগীতশিল্পীদের স্বার্থ রক্ষায় গঠিত একটি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তবে এত এত পরিচয়ের সঙ্গে নতুন আরো একটি পরিচয় যুক্ত হলো  জনপ্রিয় এই সংগীতশিল্পী-সুরকারের নামের সঙ্গে।

শাফিন আহমেদ গানের পাশাপাশি রাজনীতির সঙ্গেও সক্রিয় রয়েছেন দীর্ঘদিন ধরে। এবার সেই রাজনীতির মাঠে আরো একধাপ এগিয়ে গেলেন তিনি। তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। গতকাল দলটির চেয়ারম্যান জিএম কাদের এ দায়িত্ব দেন তাকে। নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক শাফিক আহমেদকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করে শাফিন আহমেদ বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন শাফিন আহমেদ। তবে সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি।