ইউনাইটেডের রোমাঞ্চকর জয়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১৫

স্পোর্টস ডেস্ক

জেসে লিনগার্ড নাকি ডেভিড ডে হায়া। ওয়েস্ট হামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের নায়ক কে তা বলতে গিয়ে দ্বিধায় পড়ে যাবেন ফুটবল পণ্ডিতেরা।  লন্ডন স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা।

৮৮ মিনিট পর্যন্ত খেলা ছিল ১-১ সমতায়। পরের মিনিটে বাঁকানো এক গোলে ইউনাইটেডকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা লিনগার্ড। এখানেই রোমাঞ্চের শেষ নয়। অতিরিক্ত সময়ে হ্যান্ডবল করে ঝামেলা পাকিয়ে ফেলেন ডি বক্সে থাকা ইউনাইটেড ডিফেন্ডার লুক শ। পেনাল্টি পায় ওয়েস্ট হাম। ইউনাইটেডের জয়ের সবকিছু তখন নির্ভর করছিল ডে হায়ার ওপর। হতাশ করেননি এই গোলরক্ষক। বা দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিইয়ে দেন মার্ক নোবেলের শট। আর ইউনাইটেড ফেরে রোমাঞ্চকর এক জয় নিয়ে।

এর আগে ৩০ মিনিটে সাইদ বেনরাহমার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৫ মিনিট পরেই রেড ডেভিলদের সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রুনো ফার্নান্দেজ ক্রসে প্রথম শটে না পারলেও ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা পান পর্তুগিজ ফরোয়ার্ড।    

ইউনাইটেডের ম্যাচের আগের দিনটা হতাশায় কেটেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির। পেপ গার্দিওলার চাওয়া মতোই প্রায় পূর্ণ ছিল ইতিহাদ স্টেডিয়াম। কিন্তু সাউদাম্পটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির এমন পারফরম্যান্সে হতাশ হয়েই বাড়ি ফিরেছেন গ্যালারিভর্তি দর্শক। গোলশূন্য ড্রয়ের পর তাই নিজেকে অপরাধী মনে করছেন গার্দিওলা, ‘খেলা ভালো না হলে সবসময়ই খারাপ লাগে। সমর্থকরা মাঠে আসে ভালো ম্যাচ দেখতে। যখন সেটি হয় না তখন নিজেকে অপরাধী মনে হয়। কারণ, আমরা ভালো খেলতে পারিনি।’