লালমোহনে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত সন্দেহে একজন আটক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে ট্রিপল মার্ডারের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর লাঠিয়াল নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কর্তারহাট এলাকা থেকে আটকের পর গত শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার ওসি বশির আলম জানান, ধৃত জাহাঙ্গীর লাঠিয়ালের ভাতিজা ফরিদ লাঠিয়াল ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল ইসলামের সহযোগী। ঘটনার পর থেকে ফরিদ তার কর্তারহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পলাতক রয়েছে। জাহাঙ্গীর লাঠিয়াল এলাকায় অবস্থান করে ফরিদ লাঠিয়ালের সাথে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে তাকে সহায়তা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হলে ট্রিপল মার্ডারের অনেক তথ্য পাওয়া যেতে পারে। তাই তাকে আটক করা হয়েছে। জাহাঙ্গীর আলম, স্থানীয় পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা সামছুল হক লাঠিয়ালের ছেলে। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শুক্রবার গভীর রাতে উপজেলার চরভুতা ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের দিনমজুর শফিকুল হকের ঘরে সিঁদ কেটে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ৩ জনের শরীরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থলেই পুড়ে মারা যায় শফিকের শ্যালিকা সুরমা বেগম (২৫)। এরপর শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় শফিকের শিশুকন্যা খাদিজা আক্তার (৮) এবং পরদিন রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আবস্থায় মারা যায় শফিকের স্ত্রী আংকুরা বেগম (৪০)। চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডার ঘটনার প্রায় ২০ দিন অতিবাহিত হয়ে গেলেও ঘটনার মূল হোতা রয়ে গেছে এখনও অধরা।