আওয়ামী লীগে নতুন কর্মী নেওয়ার আগে যাচাই-বাছাই করতে হবে :তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা দুঃসময়ে দল ও নেত্রীর পাশে ছিলেন, তারাই আওয়ামী লীগে থাকবে। যারা পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগে আসতে চায়, দলে তাদের দরকার নেই। যারা মাদক ব্যবসা ও দুর্নীতি করে এবং যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে কিংবা করতে চায়, তাদেরও দরকার নাই। যাচাই বাছাই করে আওয়ামী লীগে নতুন কর্মী নিতে হবে। 

রবিবার দুপুর ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে সমবেত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে গাইবান্ধা সার্কিট হাউজে পৌঁছেন। মন্ত্রী সার্কিট হাউজের বারান্দা থেকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ ীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান এবং কেন্দ ীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। চোখ কান খোলা রেখে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে কাজ করতে হবে।  ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। যারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তাদেরকে চিহ্নিত করতে হবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।