সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরের পল্লীতে পশু খামারে স্বামী-স্ত্রীকে গলা ও পায়ের রগ কেটে হত্যা ঘটনার সাথে জড়িত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওই দম্পতির সন্তানরা। রবিবার দুপুরে শহরের পার্বতীপুর রোডে গণউন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন খুনের ঘটনায় করা মামলার বাদী মো. সোহেল রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্য দুই সন্তান মো. হাবিবুর রহমান (কমল) ও মো. সারোয়ার মোর্শেদ (স্বপন)।
গত ২৭ জানুয়ারি উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মধুপুর বালাপাড়া গ্রামে গড়ে তোলা একটি গবাদিপশুর খামার দেখাশোনা করতে গিয়ে নৃশংসভাবে খুন হন নজরুল ইসলাম ও সালমা খাতুন দম্পতি। নিহত দম্পতির বড় ছেলে সোহেল রানা এলাকার হাজী আসলাম উদ্দিনের ১৮০ শতক জমিতে ওই গবাদিপশুর খামারটি গড়ে তোলেন। ঘটনার একদিন পর ২৮ জানুয়ারি দম্পতির বড় ছেলে মো. সোহেল রানা চারজন সন্দেহভাজন আসামির নাম উল্লেখ করে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন।
