পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিত্ সিং চন্নী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০৭

ভারতের পাঞ্জাব রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিত্ সিং চন্নী। পাঞ্জাবের দলিত রাজনীতির পরিচিত মুখ তিনি। এত দিন সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের মন্ত্রিসভায় কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। পাঞ্জাবের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত গতকাল রবিবার ঘোষণা করেন, পাঞ্জাবে কংগ্রেসের পরিষদীয় দলনেতা হিসেবে চন্নীর নাম চূড়ান্ত করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার অমরিন্দর সিং পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে একাধিক নাম উঠে আসছিল, সেই তালিকায় ছিলেন অম্বিকা সোনির মতো প্রবীণ কংগ্রেস নেতাও। মূল ঘোষণার কয়েক ঘণ্টা আগে উঠে আসে সুখজিন্দর সিং রনধাওয়ার নামও। যদিও কংগ্রেস সূত্রে খবর, বিধায়কদের বৈঠকে সুখজিন্দরের নাম নিয়ে আপত্তি জানান কয়েক জন কংগ্রেস বিধায়ক। তাতেই শেষ পর্যন্ত উঠে আসে চরণজিতের নাম। আজ সোমবার তিনি শপথ নেবেন।