বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙ্গামাটি সড়কে ভাড়ায় চালিত চাঁদের গাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় চার উপজাতীয় তরুণী আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় বান্দরবান চন্দ্রঘোনা সড়কের ২০ কিলোমিটার দূরে গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানান, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থেকে চাঁদের গাড়ি জিপ ভাড়া নিয়ে ১৯ জনের একটি দল জেলার রুমা উপজেলার বগালেক এলাকার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে গলাচিপা এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে চাকা ফেটে গাড়িটি সড়কের ধারে উলটে গেলে চার উপজাতি তরুণী আহত হন। তবে কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সাংবাদিকদের জানান, জনসংহতি সমিতির (জেএসএস) দলের সশস্ত্র সদস্যরা আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি। আহত চার তরুণী বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।
