বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩৪টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে ২৪টিতে আর বাকি আছে ৯৯টি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতোয়ার রহমান বলেন, ২১শে ফেব্রুয়ারিসহ বিভিন্ন দিবসের সময় অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে দিবস পালন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলায় মোট ৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শহীদ মিনার রয়েছে ১২টিতে বাকি ২৪টিতে শহীদ মিনার নেই। ২০টি মাদ্রাসার মধ্যে একটিতে শহীদ মিনার আছে। উপজেলায় বঙ্গবন্ধু সরকারি কলেজসহ কলেজ রয়েছে নয়টি। এর মধ্যে শহীদ মিনার রয়েছে চারটিতে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতোয়ার রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াসিউর রহমান বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেগুলোতে সরকারিভাবে শহীদ মিনার তৈরি করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধা হবে।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম আলী বেগ বলেন, বদলগাছীতে স্কুল ও কলেজসহ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় তা সম্ভব হচ্ছে না। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।
