বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জের কামালপুর বাজারে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার কামালপুর বাজারে সরকারি খাস জমি জবর দখল করে একাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। কামালপুর হাট-বাজারের ইজারাদার সরোয়ার আলম খোকন বলেন, ‘জবর দখলকারীদের দাপটে টোল আদায় করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারি রাজস্ব ঘাটতির পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
অভিযুক্ত স্থানীয় মোজা মিয়া বলেন, ‘আমি জমিটি একজনের কাছ থেকে কিনেছি। ’
কামালপুর ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘অবৈধভাবে ঘর নির্মাণের সময় বাধা দেওয়া হয়েছে। কিন্তু মোজা মিয়া স্থাপনা নির্মাণ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’
ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, প্রশাসনিকভাবে কামালপুর বাজারে সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম শুরু হলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন বলেন, ‘সরকারি জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত আছে। কামালপুর বাজারেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পদ উদ্ধার করা হবে।’
