ফুল : সুগন্ধী ফুল মালতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭

 

কাষ্ঠল লতাবিশেষ বহুবর্ষজীবী ও ঝোপ জাতীয় ফুলগাছ। প্রাপ্তবয়স্ক গাছ আকারে বৃহদাকার হয়। মালতি ফুল গ্রাম-শহর সর্বত্র চোখে পড়ে। রবীন্দ্রনাথ তাঁর কথা, কবিতা ও গানে মালতি ফুলের কথা বিভিন্নভাবে তুলে ধরেছেন: যেমন—কাননে ফোটে নবমালতি কদম্ব কেশর। বনের প্রান্তরে ওই মালতিরা। না হয় রেখো মালতিকলি শিথিল কেশে। ওই তো মালতি ঝরে পড়ে যায় মোর আঙিনায়। বাদল বাতাস মাতে মালতির গন্ধে।

মিষ্টি সুগন্ধী ফুল মালতি। রং সাদা, বৃতি পাঁচটি—লম্বা ও চোখা। পাপড়ি সংখ্যাও পাঁচ—সরু ও লম্বা এবং পাপড়িগুলি কিছুটা মোড়ানো। গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল থোকায় থোকায় গুচ্ছভাবে ধরে। এই ফুলের আকার অনেকটা জুঁই ফুলের মতো। ফুল ফোটার প্রধান মৌসুম বর্ষাকাল। তবে গ্রীষ্মকাল থেকে ফুল ফোটা শুরু হয়ে শরত্কাল পর্যন্ত ফোটে। গাছের পাতা আয়তাকার, লম্বায় ৮ সেন্টিমিটার, রং সবুজ। তবে পাতার বোঁটা, ফুলের বোঁটা ও পাতার শিরা লালচে। শিরা-উপশিরা স্পষ্ট। আয়ুর্বেদিক চিকিত্সায় এর ব্যবহার রয়েছে। ডাল কাটিংয়ের মাধ্যমে বংশ বিস্তার করা যায়।

লেখা ও ছবি :নূর আলম গন্ধী