নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় রবিবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে রাসেল শেখ নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ৩০ জন। এ সময় পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের ইউপি সদস্য মঞ্জু মাতুব্বরের সঙ্গে সাবেক সদস্য লুত্ফর মোল্যার এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। রবিবার সকাল ৭টার দিকে মঞ্জু মাতুব্বরের সমর্থক রাসেলসহ কয়েকজন স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে গল্প করার সময় লুত্ফর মোল্যার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে মঞ্জু মাতুব্বরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সালথা থানা পুলিশ উপস্থিত হয়ে ১১ রাউন্ড শর্টগানের গুলি ও দুই রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের ছেলে রাসেল শেখ প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হয়।
রাসেলের ভাই জামাল শেখ জানান, আহত রাসেলকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
