‘বদলের পর মেসিকে জিজ্ঞেস করেছিলাম ও ঠিক আছে কি না, সে বলল ঠিক আছে। তাই এসব নিয়ে মাতামাতি বন্ধ করুন। সম্ভাব্য ইনজুরির কথা ভেবে আমরা মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তাই তাকে আগলে রাখতে হবে আমাদের।’
স্পোর্টস ডেস্ক
ম্যাচ তখন ১-১ সমতায়। বাকি আছে ২৬ মিনিট। এমন অবস্থায় কোনো কোচই হয়তো লিওনেল মেসির মতো ফুটবলারকে মাঠ থেকে তুলে নিতে চাইবেন না। কিন্তু উলটো পথে হাঁটলেন প্যারিস সেইন্ট জার্মেই কোচ মরিসিও পচেত্তিনো। যে কারণে লিওর বিপক্ষে লিগ ওয়ানে ক্লাবটির রোমাঞ্চকর জয় ছাপিয়েও আলোচনায় মেসিকে বদলি করে আশরাফ হাকিমিকে নামানোর সিদ্ধান্তটি।
মাঠ থেকে উঠে যাওয়ার সময় বিভ্রান্ত লাগছিল মেসিকে। হাত মেলাতে চাননি পিএসজি কোচের সঙ্গে। তা দেখার পর অনেকেই ভাবছেন পচেত্তিনোর সিদ্ধান্তে ক্ষুব্ধ এই ফরোয়ার্ড। তবে পরিস্থিতি তেমন কিছুই নয় বলে জানিয়েছেন পচেত্তিনো, ‘বদলের পর মেসিকে জিজ্ঞেস করেছিলাম ও ঠিক আছে কি না, সে বলল ঠিক আছে। তাই এসব নিয়ে মাতামাতি বন্ধ করুন। সম্ভাব্য ইনজুরির কথা ভেবে আমরা মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তাই তাকে আগলে রাখতে হবে আমাদের।’
ঘরের মাটিতে প্রথম খেলতে নেমে মেসি গোলের খুব যে দূরে ছিলেন সেটা বলা যাবে না। ভাগ্যের ছোয়া পেলে ৩৭ মিনিটে নেওয়া ফ্রি-কিকটা হয়তো পোস্টে লাগত না। এর পাঁচ মিনিট আগে নেইমারের ব্যাকহিলে পাওয়া সুবর্ণ সুযোগটিও কাজে লাগাতে পারেননি।
বিরতির পর ৫৪ মিনিটে ধারার বিপরীতে গিয়ে লিওকে এগিয়ে দেন লুকাস পাকেতা। তবে ৬৬ মিনিটে পেনাল্টি থেকে পিএসজিকে সমতায় ফেরান নেইমার। ড্রয়ের দ্বারপ্রান্তে থাকা ম্যাচটিকে অতিরিক্ত সময়ে ২-১ করেন মাউরো ইকার্দি। কিলিয়ান এমবাপ্পের ক্রসে মাথা ছুইয়ে জালের ঠিকানা খুঁজে নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
রুদ্ধশ্বাস জয়ে শীর্ষে রিয়াল
তিন মিনিটের ব্যবধানে পালটে গেল পুরো ম্যাচ। জয়ের খুব কাছে থেকেও ভিনি-বেনজেমা যুগল ম্যাজিকে নিজেদের মাটিতে হারের স্বাদ পেল ভ্যালেন্সিয়া। চ্যাম্পিয়নস লিগের পর আরো একটি রুদ্ধশ্বাস জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে ৪ জয় ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তির দল। ৬৬ মিনিটে দুরোর গোলে পিছিয়ে পড়া রিয়াল সমতায় ফেরে ৮৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে। যেখানে সহায়তা করেন করিম বেনজেমা। এর দুই মিনিট পর গোলদাতার তালিকায় নাম লেখান বেনজেমা নিজেই। এবার সহায়তা করেন ভিনিসিয়াস।
জয়হীন জুভেন্তাস
সিরি আতে এখনো পর্যন্ত জয় পায়নি তিনটি দল। অবাক করার মতো হলেও সেই তিন দলের একটি জুভেন্তাস। এসি মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর চার ম্যাচ শেষে জয়হীনই থাকল তুরিনের বুড়িরা। আলিয়েঞ্জ স্টেডিয়ামে ৪ মিনিটে আলভারো মোরাতার গোলে পিছিয়ে গেলেও, ৭৬ মিনিটে আনতে রেবিচের গোলে সমতায় ফেরে মিলান।
একনজরে
n টটেনহাম ০-৩ চেলসি
n ডর্টমুন্ড ৪-২ বার্লিন
n পিএসজি ২-১ লিও
n জুভেন্তাস ১-১ মিলান
n ভ্যালেন্সিয়া ১-২ রিয়াল
