ইত্তেফাক রিপোর্ট
দেশে প্রথমবারের মতো ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ’-এর অধীনে কোনো ব্রোকারেজ হাউজের ডিজিটাল বুথ চালু হয়েছে। আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ডিএসই অনুমোদিত ডিজিটাল বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রাক স্টেশনে এই বুথের উদ্বোধন করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। প্রধান আলোচক ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ। গতকাল থেকেই এই বুথে লেনদেন কার্যক্রম শুরু করা হয়েছে। গত বছরের শেষের দিকে এই কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২৮টি ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে সক্ষমতা যাচাই সাপেক্ষে বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে।
